শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ হন টাঙ্গাইলের ভূঞাপুরের যুবদল নেতা পলাশ তালুকদার ও গোপালপুরে শহীদ ইমন হাসান। শহীদ দুই পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমবেদনা জানিয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শহীদ পরিবারের সঙ্গে দেখা করে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। আন্দোলনে শহীদ পরিবারের স্মরণে ভূঞাপুরের পলাশ চত্বরে পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কি এ দেশে রাজনীতি করার অধিকার আছে?
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের স্ত্রী ও তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। শহীদেরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন, সাম্যের, মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মানে আমরা অঙ্গীকারাবদ্ধ।
বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার সহকর্মী বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাস পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন তারেক রহমান।
তিনি বলেন, শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।
বিএনপি’র এই প্রচার সম্পাদক আরও বলেন, যারা বলেছিলেন খেলা হবে, তারা মাঠ ছেড়ে পালিয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশের স্বীকৃতি স্বরূপ ‘পলাশ চত্বর’ করা হবে।’’
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, শহর যুবদলের সভাপতি সোহাগ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ