শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। জমি দখল, চাঁদাবাজি নয় শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ আলোচনা সভা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোন পত্রিকায়, কোন টেলিভিশনে প্রচার করতে দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের পক্ষে। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা গত ১৬ বছরে শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি, অন্যায়ের বিরুদ্ধেই মুক্তিযোদ্ধা দল। দয়া করে কেউ কোন অন্যায়কে যেন প্রশ্রয় দেয়ার সুযোগ না পায় বাংলাদেশে।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছেন, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু একটি কথা বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল নয়, চাঁদাবাজি নয় হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, কোথায় হারুন? কোথায় বিপ্লব? তাদেরকে খুঁজে বের করতে হবে, যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনাকে পায়ে হেঁটে ১৪ তলায় উঠে হাজিরা দিতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিতো, তিন ঘণ্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই এসএসএফ গাড়ি সবই আছে কিন্তু ট্রাফিক সিগনালে ড. ইউনূস বসে থাকেন, এটাই তো আপনার কাছে প্রত্যাশা ছিল।

তিনি আরও বলেন, এরা এখনো ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করতে হবে। আমরা আপনার সঙ্গে আছি উলফাত সাদেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আপনার পাশে আছে।

তিনি দাবি জানিয়ে বলেন, যদি ভারত থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকেও অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফারুক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ