শ্রীলংকাকে হারানোয় সুখবর পেল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রীলংকাকে হারানোয় সুখবর পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ হারের পর ওডিআই সিরিজও হার দিয়ে শুরু করে টাইগাররা। তবে গতকাল ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনে মিরাজের দল। এর আগে, টানা ব্যর্থতায় ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯ থেকে ১০ এ নেমে গিয়েছিল বাংলাদেশ।

তবে গতকাল (শনিবার) শ্রীলংকাকে হারানোর সুবাদে পুরোনো জায়গায় ফিরেছে টাইগাররা। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন নয় নম্বরে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। ৭৬ রেটিং পয়েন্টে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ।

লঙ্কায় শনিবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে দারুণ জয় তুলেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ১৬ রানে হারানোর দিনে সিরিজ বেঁচেছে, সঙ্গে দুটি রেটিংও যুক্ত হয়েছে। তাতেই এই উন্নতি। বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে শ্রীলংকা। তারা নেমে গেছে ৫ নম্বরে। ১০ নম্বরে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ে ভারতের এখনও শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আটে অবস্থান করতে হবে। বিবেচনায় নেওয়া হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের অবস্থান।

সরাসরি বিশ্বকাপে খেলতে ওই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত-মিরাজদের। অন্যথায় খেলতে হবে বাছাইপর্ব। যেখান থেকে আরও চারটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ