সংরক্ষিত নারী আসন : জাপার থেকে ফের মনোনয়ন পাচ্ছেন শেরিফা-সালমা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামী ফেব্রুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। সংরক্ষিত দুটি আসন থেকে এবারো মনোনয়ন পেতে যাচ্ছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ও দলের কো-চেয়ারম্যান সালমা ইসলাম। একাদশ সংসদে জাপার সংরক্ষিত আসনে তারা দু,জন সংসদ সদস্য ছিলেন। অবশ্য সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিয়ে পরাজিত হন দু,জনেই।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, ইসি আমাদের কাছে ৩১ জানুয়ারির মধ্যে প্রার্থী তালিকা চেয়েছে। আমাদের চেয়ারম্যান রংপুরে আছেন। আশা করছি আগামী সপ্তাহে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারবো। এই সপ্তাহ না, আগামী সপ্তাহে যাদের মনোনয়ন দেয়া হবে তাদের নাম জানা যাবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে।
সূত্র জানায় জাপা থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে জোর চেষ্টা চালিয়েছেন সাবেক তিন সংরক্ষিত আসনের সংসদ সদস্য পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রতনা, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান। তবে এবারের সংসদে জাপার সংরক্ষিত আসন কম থাকায় পার্টির চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের ও কো-চেয়ারম্যান সালমা ইসলামকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সাথে যোগাযোগ শুরু করছেন জাপার কয়েকজন নারীনেত্রী।
এ বিষয়ে মাহমুদ আলম বলেন, সালমা ইসলাম ও শেরীফা ইসলামের পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তো আর কাউকে দেখি না তো। দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের পরে ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা একজোট হলে পাবেন ১০টি সংরক্ষিত নারী আসন।
জনতার আওয়াজ/আ আ