সংসদের সংরক্ষিত আসন: দলীয় নেত্রীদের ডাকবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদের সংরক্ষিত আসন: দলীয় নেত্রীদের ডাকবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকারের জন্য দলীয় নেত্রীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেত্রীদের মধ্যে যারা বিতর্কিত, তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে দলীয় পদধারী নেত্রীদের এবার মূল্যায়ন করা হবে। শুধু বিএনপির নির্বাহী কমিটি, মহানগর-জেলা-উপজেলা বিএনপির কমিটি অথবা অঙ্গসংগঠনের নেত্রীদের সংরক্ষিত আসনের জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা ও দলের জন্য তাদের অবদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছোট আকারে মনোনয়নপ্রত্যাশীদের প্রাথমিক তালিকা করে আগামী ১৬ এপ্রিল তাদের সাক্ষাৎকার নিতে পারেন পালামেন্টারি বোর্ডের সদস্যরা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট ওই সূত্র জানিয়েছে, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর অনেকের বিতর্কিত কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবার দলীয় কেউ নন, এমন অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিতর্কিত এসব মনোনয়নপ্রত্যাশীদের ফরম ফেরত নিতে দায়িত্বশীল নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতোমধ্যে কয়েকজনের মনোনয়ন ফরম ফেরত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ নিজের ইচ্ছায় মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিচ্ছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা–সব মিলিয়ে প্রার্থী মনোনীত করা হবে।

মনোনয়ন ফরম কতজন জমা দিয়েছেন এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, ঠিক কতটি মনোনয়ন ফরম জমা পড়েছে তা বলা কঠিন। এখনো কেউ কেউ মনোনয়ন ফরম ফেরত নিচ্ছেন।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপির দলীয় মনোনয়ন ফরম কেনা অনেকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। ফ্যাসিবাদী আমলে ত্যাগ স্বীকার করা নারী নেত্রীরা বলছেন, আন্দোলনের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদের উপেক্ষা করা হলে সংগঠনের ভিত দুর্বল হয়ে যেতে পারে।

প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মেয়ে স্থপতি সালিমা বেগম আরুনি বলেন, ‘আমি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকে বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত আছি। বাবার পাশে থেকে এই দলকে দেখেছি। পদ না থাকলেও নেতা-কর্মীদের সব সময় সহযোগিতা করেছি। আমার পুরো পরিবার বিএনপির রাজনীতি করে। আমরা মনে প্রাণে এই দল, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীল।’

নয়াপল্টন দপ্তর সূত্র জানায়, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ১ হাজার ১৯৪ জন নারী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে তথ্য পূরণ করে ফরম জমা দিয়েছেন ৯০৭ জন। যদিও বিএনপির দপ্তর থেকে বিতর্কিত বেশ কয়েকজনের মনোনয়ন ফরম ফেরত দেওয়া হয়েছে। বাকি ২৮৭ জন ফরম জমা দেননি। জানা যায়, ৩৬ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা তুলনামূলক বেশি হলেও অগ্রাধিকার পাবেন বিগত সময়ে দলের পদ-পদবি ধারণকারী ত্যাগী নেত্রীরা।

গত শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে বিএনপি। এতে দলের নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার অনেকে মনোনয়ন ফরম কিনেছেন। গত রবিবার রাত ৯টা পর্যন্ত ৯০৭টি মনোনয়ন ফরম জমা পড়ে। গতকাল সোমবার বেশ কয়েকজনের টাকাসহ মনোনয়ন ফরম ফেরত দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে দেশে ফিরবেন। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের পালামেন্টারি বোর্ড সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই নিয়ে বৈঠক বসতে পারেন। মনোনয়নপ্রত্যাশীদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করবেন বোর্ডের সদস্যরা। বিএনপির ৩৬টি সংরক্ষিত আসনের বিপরীতে শতাধিক নেত্রীকে পর্যালোচনায় রাখা হতে পারে। এলাকার উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সাক্ষাৎকার নেবেন বোর্ডের সদস্যরা।

সূত্র আরও জানায়, বিভাগ অনুযায়ী ভাগ করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাছাই করা হবে। সংসদ নির্বাচনে যেসব জেলায় বিএনপির প্রার্থীরা বেশি পরাজিত হয়েছেন, নারী প্রার্থী বাছাইয়ে সেই সব জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ