সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ নেমে আসবে, মহাবিপদ ডেকে আনবে। ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এসেছিল। জাতি পেয়েছিল ভয়ংকর দুঃশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলে দিয়েছিলেন। সে ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল। দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমনসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করে, খুন করে, ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমরা এমন সংস্কার চাই না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার বিএনপি সেটির বিরোধিতা করে না। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে আগামী ফেব্র“য়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে সেই ঘোষিত সময়েই নির্বাচন দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এসময় ইয়াসিন আলী, ডা. জাহিদুল কবিরসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ