সড়ক অবরোধ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে সম্প্রতি বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জনগণের প্রতি এ অনুরোধ জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাতও সৃষ্টি হচ্ছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ। তবে যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে।
এ অবস্থায়, নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
জনতার আওয়াজ/আ আ