সব দল মিলিত হচ্ছে এক মোহনায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ

সরকারবিরোধী আন্দোলন নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে। সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো রাজপথেই আছে। বাকি দলগুলো বিভিন্ন ইস্যুতে পৃথকভাবে আন্দোলন শুরু করলেও সবার লক্ষ্য এক। এমনকি কম সময়ের নোটিশে হঠাৎ করে এক মোহনায় মিলিত হতে পারে সব বিরোধী দল। পর্দার আড়ালে এমন রাজনৈতিক ঐক্য প্রস্তুতি বেশ জোরেশোরেই এগোচ্ছে।
প্রথমদিকে কোনো কোনো দল ভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামলেও একটা পর্যায়ে সবাই একদফা দাবিতে এক কাতারভুক্ত হবে। সরকারবিরোধী এমন বৃহত্তর ঐক্য প্ল্যাটফরমে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির গোপন পদধ্বনিও শোনা যাচ্ছে। পুরোনো মিত্র জামায়াত রয়েছে সামনের সারিতে। ইতোমধ্যে মাঠ সরগরম করেছে চরমোনাই পিরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। বসে নেই সিপিবি। তারাও আদর্শিকভাবে আন্দোলনের উত্তাপ বাড়াচ্ছে। এছাড়া অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মাওলানা মামুনুল হকদের পুনর্বহাল করে পুরোনো নেতৃত্বে হেফাজত শক্তি বৃদ্ধি করছে। রাজনীতির মাঠের এসব সমীকরণ বিশ্লেষণ করে পর্যবেক্ষক মহল মনে করে, নিকট ভবিষ্যতে মাঠের সব বিরোধী দলকে এক মোহনায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া বিরোধীদের আন্দোলনের রিমোট কন্ট্রোলের সঙ্গে দেশি-বিদেশি প্রভাবশালী মহলের যোগসূত্রতার বিষয়টি বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। এ কারণে রাজনীতি এখন যতটা না প্রকাশ্যে, তার চেয়ে বেশি ঘনীভূত হচ্ছে অন্দরমহলে।
জনতার আওয়াজ/আ আ