সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের উদ্যোগ নেবে বিএনপি: মীর হেলাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের উদ্যোগ নেবে বিএনপি: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) (আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে ১৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের উদ্যোগ নেবে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের উদ্যোগ নেবে বিএনপি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সামাজিকতা আচার-আচরণ ও পরিবেশগত কারণে হাটহাজারী একটি ঐতিহ্যেবাহী সমৃদ্ধ এলাকা। পাহাড় ঘেরা হালদা নদীবিধৌত হাটহাজারী উপজেলা নানান মাত্রিক জ্ঞান-বিদ্যার এক অনন্য পাদপীঠ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হাটহাজারীর ঐতিহ্যের অংশ।

তিনি আরও বলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি পুরো হাটহাজারী উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কোনো কারণেই যেন এই সম্প্রীতি বিঘ্নিত না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা নিজেকে যত বেশি যোগ্য ও সৎভাবে গড়ে তুলবে, দেশ তত বেশি আলোকিত হবে। শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আইয়ুব খান, গাজী মোহাম্মদ ইউসুফ ও সৈয়দ মোহাম্মদ মহসিন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ