সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগমের লক্ষ্য শ্রমিক দলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগমের লক্ষ্য শ্রমিক দলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামী শুক্রবার পহেলা মে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে অন্তত আড়াই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরে জনসংখ্যা দুই কোটি ৫৩ লাখের বেশি। এই জনসংখ্যার প্রায় অর্ধেক এক কোটি ২৬ লাখের বেশি মানুষ শ্রমজীবী-কর্মজীবী। কিন্তু ঢাকা শহরের প্রায় ১ লাখ ২৬ হাজারের বেশি (শতকরা এক ভাগ) শ্রমজীবী-কর্মজীবী মানুষকে আমরা এখনো সংগঠিত করতে পারিনি। তারপর আমাদের সামনে আরও কত কাজ? আমরা যদি আরও এক শতাংশ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আড়াই লাখ লোক হবে। ৫ শতাংশ সংগঠিত করতে পারলে প্রায় সাত লাখ লোক হবে। শ্রমিক আন্দোলনের সামনে সম্ভাবনা অনেক বেশি।’

মে দিবস উপলক্ষে শ্রমিক দলের নেতা-কর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘সংগঠনের এখন যতজন শ্রমিক আমাদের আছে। আগামী এক বছরে আমরা আরও অন্তত ততজন শ্রমিককে সংগঠিত করব। মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ লোক থাকবে। এমন প্রশ্ন উত্তরের মহানগর শ্রমিক দলের শীর্ষ নেতারা ‘হ্যা’ সূচক জবাব দেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সমাবেশে যে পরিমাণ জনসংখ্যার কথা বলা হচ্ছে, এই জনসংখ্যা যথেষ্ট। শুধু ঢাকা মহানগর নয়, আশেপাশের শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দেবেন। আমরা আশা করছি, একটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ হবে। বেলা আড়াইটায় নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী থাকবেন।’

শ্রমজীবী মানুষের গৌরবের মে দিবস দিনটা সফলভাবে উদযাপন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের সহকর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করে তারা চাঁদা ঠিক করেছেন। এই সমাবেশ করার জন্য যে পরিমাণ টাকা দরকার, প্রায় সে পরিমাণ টাকার প্রতিশ্রুতি পেয়ে গেছি। আমাদের কারোও কাছে টাকার জন্য যেতে হবে না।’

এক প্রশ্নের উত্তরের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপির সরকার দেশের যেকোনো রাজনৈতিক দলের চেয়ে শ্রমজীবী মানুষের জন্য বেশি ভাবে। অনেক কিছু করতে চায়। কতটুকু পারবে তা অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ এই সরকার ক্ষমতা আসার পরে ইরান-ইসরায়েল-আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এটা তো প্রত্যাশিত ছিল না। সরকারের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। এজন্য আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলেও বিঘ্নিত-বাধাগ্রস্ত হয়েছে। কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে।’

নজরুল ইসলাম বলেন, ‘আগে আমাদের যেসব দাবি ছিল, তার মধ্যে যা পূরণ হয়নি তা সবই আমাদের এবারেরও দাবি। ‘নো ম্যাটার’ যে বিএনপি ক্ষমতায় আছে। শ্রমজীবী মানুষের নায্য দাবি দেখা আমরা সরে যাব না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভুইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ