সম্মিলিত প্রচেষ্টায় মেধাপাচার বন্ধ করতে হবে : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মেধা পাচার বন্ধের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যাতে ব্রেন ড্রেন (মেধা পাচার) বন্ধ করতে পারি। দেশে যদি উন্নতমানের রিসার্চ করার সুযোগ থাকে, ভালো পরিবেশ থাকে; তবে বিদেশ কেন যাবে মানুষ?
আজ রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবিরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, ভারতেও দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ, জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে।
মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা যদি বিদেশী ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যায়, তবে সে ক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাব বলে- এগুলো ইমোশন।’
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় পড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এর বাইরেও আমরা বিদেশী দু’টি ভাষা শেখাব।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে মেধা পাচার হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, যেখানে শিক্ষা ও গবেষণা দু’টিই এগিয়ে নেয়া যাবে। তবে মেধা পাচার রোধ করা যাবে। কিন্তু আমরা অপসংস্কৃতির শিকার হয়েছিলাম। যেভাবে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষাকে পলিটিসাইজ করা হয়েছে, সেটার পরিণতি আজকের এই সেমিনার।
জনতার আওয়াজ/আ আ