সরকার আদালতের অপব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার আদালতের অপব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ, অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও, শনির আখড়া, হাজারীবাগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

শনির আখড়ায় সড়ক অবরোধ
আজ সকালে রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধকালে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খান বলেন, সীমাহীন দুর্নীতি, দুঃশাসন ও অত্যাচার নির্যাতনের কারণে রাতের ভোটে ক্ষমতায় বসা আওয়ামী সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণবিরোধী সরকার আদালতকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে অপব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে। ফরমায়েসি রায়ের মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার হরণ করেছে। সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করেছে। সরকারের দীর্ঘ পনের বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। দেশে যে গণরোষ তৈরি হয়েছে, তাতে অচিরেই আপনারা ভেসে যাবেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিত করা হবে।

হাজারীবাগে সড়ক অবরোধ
রাজধানীর হাজারীবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য মজিবুর রহমান খানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য শহিদুল ইসলাম সোহেল, আখতারুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর খিলগাঁও সড়ক অবরোধ
খিলগাঁওয়ে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহমান সাজুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এ. আর.ফারুকী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, আতিকুর রহমান, ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ