সরকার এখন মিডিয়ার শত্রুতে পরিণত হয়েছে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৪, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৪, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

একের পর এক মিডিয়া হাউস (গণমাধ্যম) বন্ধ করে এই সরকার এখন মিডিয়ার শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত সাংবাদিক-পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি। দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ এবং বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান কাজই হচ্ছে মিডিয়ার কণ্ঠ চেপে ধরা। বর্তমান আওয়ামী লীগ সরকার তাই করছে, যা ফ্যাসিবাদীরা করে থাকে।
তিনি বলেন, গুম, খুন লুটপাটসহ নানা অপকর্ম মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় এই সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সব অপকর্মের খবর এখন বিশ্ববাসী জেনে গেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। সংগঠনটির সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ।
তিনি বলেন, এই সরকারের আমলে ৫৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বর্তমানে দেশে প্রতিমাসে গড়ে ১৮-১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে সব গণমাধ্যম পুনরায় মুক্ত করা হবে। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএফইউজে মহাসচিব নুরুল আমীন রোকন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।
আরও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ডক্টরস অ্যাসোসিয়েশান বাংলাদেশ- ড্যাব চট্টগ্রামের সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ- অ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি জানে আলম মোহাম্মদ সেলিম, প্রবীণ আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ ছাফা চৌধুরী, ড্যাব নেতা এস এম সারওয়ার আলম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, মোহাম্মদ হোসেন, জীবন মুসা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ