সরকার পতনের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে : বুলু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেছেন, ‘সরকার পতনের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আর এটি তাদের সহ্য হচ্ছে না। আমরা কেন জ্বালাও পোড়াও করি না, হরতাল করি না। সেজন্য তারা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তারা এমন ভাঙচুরের ঘটনা ঘটায় আর মামলা হয় আমাদের নামে। ’
আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় দলটির অপর ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ জেলা-উপজেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা ঢাকা থেকে রওয়ানা হয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘যেসব মন্দিরগুলোতে ভাঙচুর হয়েছে আমরা সরেজমিনে সেখানে গিয়েছিলাম। সেখানকার স্থানীয় সংসদ সদস্যের ভয়ে আতঙ্কে রয়েছেন সেখানকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা। তাদের জমি দখল করে চা বাগানসহ নানা কিছু তৈরি করছে।’
সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ সরকার চারপাশে আজ ব্যর্থ। সবকিছুর দাম আজ বেড়ে গেছে। আর তারা ব্যাংক খালি করে সবকিছু লুট করে কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি-গাড়ি করছে। সেদিকে নজর না পড়ার জন্য তারা প্রতিমা ভাঙচুর করে অন্যদিকে মোড় নিতে চায়। আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি।’
উল্লেখ্য, গত রোববার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় ওইদিন বিকেলে সিন্দুরপিণ্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জনতার আওয়াজ/আ আ