সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে : জাগপা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল ’৭০-এর নির্বাচন। এ ছিল দেশের মানুষের ভোটের মাধ্যম সবচেয়ে বড় গণতান্ত্রিক বিপ্লব। অথচ আজকের এ কর্তৃত্ববাদী সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন জাগপা নেতারা।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের জাতীয় জীবনে ২৬ মার্চ এক অবিস্মরণীয় দিন। এ দিনে আমরা মা-বাবা, ভাইবোন, স্বজন ও বন্ধু হারিয়েও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার আনন্দে উল্লাসে মেতে ছিলাম, চোখে ছিল আনন্দঅশ্রু। দুঃখের সঙ্গে বলতে হয়, স্বপ্ন নিয়ে আমরা স্বজন হারানোর বেদনা ভুলেও আনন্দিত ছিলাম সেই স্বপ্ন আজ পর্যন্ত প্রায় ৫৩ বছরেও পূরণ হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে, বৈষম্যমুক্ত হয়নি। আগে দেশের সম্পদ পাকিস্তানিরা নিয়ে যেত, এখন বর্তমান লুটেরারা দেশের বাইরে সম্পদ পাচার করে দিচ্ছে।
তাই আসুন আজ আমরা সবাই মিলে এ পবিত্র স্থানে শপথ গ্রহণ করি, দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করি। যার মাধ্যমে দুঃশাসন হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া যাবে।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, স্বাধীনতা দিবসে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন থেকে দেশকে অনেক দূরে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ফ্যাসিস্ট রূপ ধারণ করে এ সরকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভুলে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ওপর নিত্যনতুন কৌশলে নিপীড়ন নির্যাতন অব্যাহত রেখেছে। জাগপা এ দানবীয় সরকারের জাঁতাকল থেকে জনগণকে মুক্তির লক্ষ্যে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের ঐক্য গড়ে তুলে জনতার সরকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।
এ সময় জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ