সরকারের জবাবদিহিতার জন্য যা যা করার করবো: চুন্নু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পার্লামেন্টে দেশের মানুষের মনের কথা তুলে ধরবো, সরকারের যেসমস্ত পদক্ষেপ জনস্বার্থের বিরুদ্ধে সেগুলোর প্রতিবাদ করবো। আমরা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে শক্তিশালী ভূমিকা রাখবো জনগণের পক্ষে। সরকারের জবাবদিহিতার জন্য যা যা করার করবো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমাদের রাজনীতিটা আরও ক্লিয়ার করবো এবং শক্তিশালী ভূমিকা তৈরি করবো, যেন মানুষ আমাদের উপর আস্থা রাখে। সারাদেশে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হবে।
রোববার বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি আরও ১৫-২০ টা সিট বেশি পেত। আওয়ামী লীগের বিপক্ষে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নাই, সমানে সমান না হলে প্রতিবাদ করা যায় না।
তিনি বলেন, কোনো আসনই আমরা সরকারের কাছ থেকে নেইনি, তারা তাদের প্রয়োজনে যেখানে যেখানে ইচ্ছা নৌকা প্রত্যাহার করেছে। সরকার গঠনের সিট আমরা পাইনি, কিন্তু ফলাফল অনুযায়ী আমরা সংসদের বামের আসনে বসবো। পার্লামেন্টে আমরা একমাত্র বিরোধীদল।
জাপা মহাসচিব বলেন, সারাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি এইটা ঠিক না। কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় নৌকার বা স্বতন্ত্র প্রার্থীরা জোর করে ভোট নিয়েছে।
শুধু এবারের নির্বাচন না, দেশ স্বাধীনের পর অনুষ্ঠিত ১২টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ-বিএনপি ৩৩-৩৪ বছর দেশ শাসন করেছে। কিন্তু কেউ কথা রাখেনি। তারা তাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি। বিএনপি ও আওয়ামী লীগের মতো আমরা মারামারি করি না, ওদের তুলনায় ভদ্র আমরা।
জনতার আওয়াজ/আ আ