সরকারের পদত্যাগের এক দফা দাবীতে বাম ঐক্য’র পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

বর্তমান আওয়ামীলীগ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। তাদের এ পদযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে মৎস ভবন প্রদক্ষিণ করে শাহবাগের দিকে যায়।
মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে গণতান্ত্রিক বাম ঐক্যের সদস্যরা। পদযাত্রায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য সংগঠনের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম।
ডা. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদবিলুপ্ত করতে হবে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে। জনগণ রাজপথ থেকে খালি হাতে ফিরে যাবে না। তাই এখনও সময় আছে, জনগণের ভাষা বুঝুন। জনগণের ভাষা না বুঝলে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের বিদায় হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেসি পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল এর মহাসচিব হারুন আল রশীদ খান সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ