সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে: মজিবুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে: মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবেন কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (১৬মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন‍্য রাজনৈতিক দলের অন‍্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে, যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে।’

তিনি বলেন, ‌‘পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সেই চ্যালেঞ্জে সাফল‍্য অর্জনের নানা দিক নির্দেশনা দেন।’

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন‍্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে, দাবি দাওয়া গুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারে।

অন্তর্বর্তী সরকারের ব‍্যপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবে না বলে জনমনে সংশয় তৈরি হচ্ছে।

মঞ্জু ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। তিনি শিগগিরই টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম এফসিএ বলেন, ‘আমরা যদি জনগণের নিকট আমাদের দলের নীতি ও কর্মপন্থা সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এবি পার্টিকে একটি জনপ্রিয় দলে পরিণত করা সম্ভব। তিনি ফেনী ২ আসনের ঘরে ঘরে অধিকার ভিত্তিক সমস‍্যা সমাধানের রাজনীতির পয়গাম পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রকৌশলী শাহ আলম বাদল ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও নিরাপত্তা ঘাঁটি স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস‍্যসচিব প্রভাষক ফজলুল হক এবং নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, কোষাধক্ষ্য শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ খন্দকার, সদস্য কাজী জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ