সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক সাব্বিরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

শুক্রবার (২২ মার্চ) রাতে এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ দাবি জানান।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের হামলায় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ গুরুতর আহত হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, পৃথক বিবৃতিতে সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এর আগে, শুক্রবার (২২ মার্চ) বিকেলে ইফতার মহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে এই হামলা করা হয়।

সূত্র বলছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক এস এম ইমরুল রুদ্র এই হামলা করে।

ঘটনার বিষয়ে সাব্বির আহমেদ বলেন, আমার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে ক্যাম্পাসে যাই। সেখানে ছাত্রলীগের নেতা এস এম ইমরুল রূদ্র এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। ইফতার শেষে রূদ্র আক্কাসুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। তারা রড, লাঠিসোঁটা নিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।

সাব্বির আহমেদ অভিযোগ করে বলেন, কলেজ প্রশাসনকে পরিচালনা করছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ