সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে আছে টাকার বান্ডিল। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক এমপি মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যান। এরপর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে টানা তিনবারসহ মোট চারবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি তিন সন্তানের পিতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ