সাবেক সেনাপ্রধানের মৃত্যুতে এনডিপির শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৯২ হয়েছিল।
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ১৩ মার্চ ১৯৫৪ সালে ৯ম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ৩১ আগস্ট ১৯৮৬ হতে ৩০ আগস্ট ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের নামাজে জানাজা বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবির সদস্যবৃন্দ। পরবর্তীতে জানাজা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জনতার আওয়াজ/আ আ