সাম্য হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুপক্ষের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে ছাত্রদলের দুইটি গ্রুপ।
বৃহস্পতিবার (১৫ মে) ক্যাম্পাসজুড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে একটি পক্ষ ‘চির উন্নত মম শির’ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। এতে যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
ইমরান হোসেন প্রধান বলেন, আমাদের ভাই সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই রক্তের হিসাব সরকারকে দিতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে মাদকসেবীদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা এবং ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাই প্রমাণ করে—রাষ্ট্রীয়ভাবে সহিংসতাকে উৎসাহ দেওয়া হচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসাইন ও সদস্য মামুন সরকারের নেতৃত্বে অন্য একটি গ্রুপ অগ্নিবীণা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সাম্য হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
ফরহাদ হুসাইন বলেন, জুলাই-আগস্টের পর আমরা ইতোমধ্যে দুইজন ছাত্রদল নেতাকে হারিয়েছি। সাম্যের হত্যাকাণ্ড প্রমাণ করে—সরকার, প্রশাসন ও ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী তৎপরতা বাড়ছে। হত্যাকারীদের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনতার আওয়াজ/আ আ