সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে নিয়ে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধুমাত্র একটি সরকার নির্বাচিত করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের প্রতিক্রিয়া দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে যে, এই দেশ তার তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কখনও হারাতে দেবে না।’

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এই বার্তা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ-নির্ধারক মুহূর্তে। আর মাত্র একদিন পরই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। এটি জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন।’

তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামের সাফল্যের পর আজ গণতান্ত্রিক উত্তরণের যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাদের কাছে চিরঋণী।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে যার তাৎপর্য সুদূরপ্রসারী। সেদিন নির্ধারিত হয় রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা, গণতন্ত্রের চরিত্র, স্থায়িত্ব এবং আগামী প্রজন্মের ভাগ্য। আগামী পরশু ঠিক এমন একটি দিন, যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হবে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং গণভোটের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ইতোমধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার পালা। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়াকে আমি আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করেছি।’

তিনি জানান, এবারের নির্বাচন পূর্ববর্তী যেকোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। রাজনৈতিক দলগুলো মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। তিনি বলেন, ‘এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি; এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি দেশের সব রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বারপ্রান্তে পৌঁছাতে পেরেছি।’

তবে শান্তিপূর্ণ পরিবেশের মাঝেও তিনি গভীর বেদনা প্রকাশ করেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচার-প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংসতায় কিছু মূল্যবান প্রাণ হারানো গেছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সহিংসতা জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ হারানো কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়।’

ড. মুহাম্মদ ইউনূস জানান, এবারের নির্বাচনে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এখন পর্যন্ত অনুষ্ঠিত যেকোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ। স্বতন্ত্র প্রার্থীদের সহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। তিনি বলেন, ‘আগের জাতীয় নির্বাচনে এপরিমাণ প্রার্থী প্রায় দেখা যায়নি।’

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু একটি নিয়মিত নির্বাচন নয়; এটি একটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের জাগরণ এবারের নির্বাচনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। রাজপথের সেই দাবি এবার ভোটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ