সিলেট মহানগর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিলেট নগর বিএনপি’র অর্ধাঙ্গ কমিটির বয়স এক বছর ৫ দিন। গত বছরের ১০ই মার্চ সরাসরি ভোটের মাধ্যমে নগর বিএনপি’র তিন পদে নেতা নির্বাচিত করা হয়েছিল। এরপর কেটে গেছে এক বছর। ওই সময়ে পূর্ণাঙ্গ হয়নি নগর বিএনপি’র কমিটি। নির্বাচিত তিন নেতা দিয়ে চলছে কার্যক্রম। এতে দলের কার্যক্রমে গতি থাকলেও সবার অংশগ্রহণ বাড়ছে না। এ কারণে নগর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করতে তাগিদ দিয়েছেন দলের হাইকমান্ড। সম্প্রতি স্কাইপি বৈঠকে ওই নির্দেশনা দেয়া হয় বলে জানিয়েছেন নগর বিএনপি’র নেতারা। যারা আন্দোলন- সংগ্রামে রাজপথে ভূমিকা রাখছে তাদের পদে আনার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে নগর বিএনপি’র নেতারা জানিয়েছেন- প্রায় ৮ মাস আগে একটি কমিটির তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল।

যদি এতে সংযোজন কিংবা বিয়োজনের প্রয়োজন পড়ে কেন্দ্র জানাবে। এরপর নতুন করে চিন্তাভাবনা হতে পারে। নতুবা পুরাতন তালিকাই চূড়ান্ত থাকবে। নগর নেতারা জানান- গত বছর সম্মেলনের পর কাউন্সিলর অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সিলেট নগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক হন সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সৈয়দ সাফেক মাহবুব। কমিটি গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার দাবি ওঠে। তবে নগরের নেতারা প্রথমেই ওয়ার্ড সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে পড়েন।
এখন নগরে ওয়ার্ড সংখ্যা ৪২টি। পূর্বে সেটি ছিল ২৭টি। এ কারণে নগর নেতারা নতুন সংযুক্ত হওয়া ওয়ার্ডগুলোকে সচল করা শুরু করেন। গঠন করা হয় কয়েকটি ওয়ার্ডের কমিটি। এর মধ্যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৮শে অক্টোবরের ডামাডোল এবং পরবর্তীতে জেল-জুলুমে বিপর্যস্ত হয়ে পড়েন নেতারা। তবে- পূর্ণাঙ্গ কমিটি গঠনে সময় নেননি নগর নেতারা। গত বছরের জুন মাসের শেষদিকে তারা কেন্দ্রের কাছে একটি তালিকা জমা দিয়েছেন। ওই তালিকার পরবর্তী নির্দেশনা এখনো ঢাকা থেকে আসেনি। এ কারণে পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত এই কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট বলে জানিয়েছেন নেতারা। কমিটির সহ সভাপতির তালিকায় রয়েছেন ২০ জন, যুগ্ম সম্পাদক রাখা হয়েছে ১১জনকে এবং সাংগঠনিক সম্পাদক মোট ৪ জন। গুরুত্ব বুঝে নেতাদের তালিকা প্রস্তুত করে ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে- প্রায় দুই মাস কারাগারে ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। কারাগার থেকে বেরিয়ে আসার পর তাকে নিয়ে হাইকমান্ডের সঙ্গে স্কাইপি বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় দলের হাইকমান্ডের তরফ থেকে দ্রুততম সময়ের মধ্যে নগর বিএনপি’র কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এবং চলমান আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রাখছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে আসার কথা বলা হয়েছে। গতকাল বিকালে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন- আমাদের তো কমিটি জমা দেয়া হয়েছে। কেন্দ্রে সার্বিক বিষয় দেখে জানাবে। যদি কোনো সংযোজন, বিয়োজন থাকে সেটিও জানাবে। দলের তরফ থেকে যে সিদ্বান্ত দেয়া হবে সেটি পালন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান- নগর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করতে আর বেশি সময় লাগবে না। দলের হাইকমান্ড এ ব্যাপারে আন্তরিক। সুতরাং খুব দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ হবে বলে আশা তার। নগর বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন- এবার সিলেট নগর বিএনপি’র কমিটিতে থাকবে নবীন-প্রবীণের মিশেল। যেমনটি হয়েছে জেলা বিএনপি’র বেলায়ও। প্রবীণকে পরামর্শ ও তারণ্যের শক্তি নিয়ে চলবে নগর বিএনপি। এতে দলের ভেতরে শক্তি ও সম্প্রীতি ফিরে আসবে। এ ধারণা থেকে নগর বিএনপি’র কমিটির তালিকা পাঠানো হয়েছে। তারা জানান- প্রস্তাবিত কমিটিতে সিলেটের যাদের নাম রয়েছে তারা এবারের কর্মসূচি পালনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ফলে নেতাদের উপরও আস্থা বেড়েছে কর্মীদের। এছাড়া- যুবদল ও ছাত্রদল থেকে আসা নেতাদের প্রাধান্য থাকবে কমিটিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ