সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে থাকবেন নারী আম্পায়ার জেসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে থাকবেন নারী আম্পায়ার জেসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ফাইল ছবি

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শুধু বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশই নয়, বরং নারী আম্পায়ারিংয়ের জন্যও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

জাতীয় পুরুষ দলের আন্তর্জাতিক সিরিজে প্রথমবার নারী আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে সাথিরা জাকির জেসিকে। যদিও ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন না, তবে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

জেসির আন্তর্জাতিক অভিজ্ঞতা কম নয়। তিনি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে জেসি আম্পায়ার হিসেবে অংশ নেবেন বলে আগেই জানা গেছে। এই তিন ম্যাচের সিরিজটি তার জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু জেসিকে নিয়ে বলেছেন, ‘জেসি তো বিশ্বকাপে যাবে। টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’

প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। ফোর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে জেসিকে এবং থার্ড আম্পায়ার হবেন মাসুদুর রহমান মুকুল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জেসি থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। বাকি অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মুকুল ও তানভীর। ৩ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মুকুল ও মোর্শেদ মাঠে থাকবেন, আর ফোর্থ আম্পায়ার হিসেবে জেসি মাঠে থাকবেন প্রথম ম্যাচের মতো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ