সিলেটে বিএনপি ও যুবলীগের কর্মসূচি ঘিরে নগরে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:৪৬ পূর্বাহ্ণ

সিলেট নগরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও যুবলীগ। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের নেতারা শোডাউন করেন। বিএনপি নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে কোর্টপয়েন্ট পর্যন্ত এ শোডাউন করে। আর যুবলীগের একাংশ কেন্দ্রীয় শহীদ মিনারে ও অপর অংশ আম্বরখানা এলাকায় শান্তি সমাবেশ করে। এ নিয়ে বিকালে উত্তাপ ছড়ায় নগরে। তবে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কাবস্থা গ্রহণ করার কারণে কোনো অঘটন ঘটেনি। পূর্বে ঘোষণা করা হয়েছিল কর্মসূচি। ফলে দুপুর থেকে নগরের মোড়ে মোড়ে ছিল পুলিশের অবস্থান। বিশেষ করে সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোতোয়ালি থানার এসি, ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে ছিলেন।
এ ছাড়া, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে রেজিস্ট্রারি মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিকাল ৩টায় সমাবেশের ডাক দেয়া হয়। এ কারণে দুপুর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠে আসতে শুরু করেন। বেলা আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে এসে জমায়েত হন। ওখানে সমাবেশ করার পর বিকাল পৌনে ৪টার দিকে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বিস্তৃত ছিল। হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন। এর বাইরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ নগর ও জেলা বিএনপি’র একাধিক ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে রেজিস্ট্রারি মাঠে আসেন। মিছিলটি কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা নগরের এই প্রাণকেন্দ্র এলাকায় অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানায়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর কোর্ট পয়েন্টে সিনিয়র নেতারা বক্তৃতা করে কর্মসূচি সমাপ্ত করেন। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাহের চৌধুরী শামীম। সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মামুনুর রশিদ, হাজী শাহাব উদ্দিন আহমদ, শাহজামাল নুরুল হুদা, ইকবাল বাহার চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবাহ উদ্দিন, নজিবুর রহমান, সামিয়া বেগম চৌধুরী। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন নেই। ডলার ও রিজার্ভ সংকটে পণ্য আমদানি করা যাচ্ছে না। দেশ মারাত্মক ভাবে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। আর জোর করে ক্ষমতা দখল করে থাকা ফ্যাসিস্টরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
এদিকে- বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা যুবলীগের পক্ষ থেকে শান্তি সমাবেশের ডাক দেয়া হয়। একই সময় আম্বরখানা পয়েন্টে নগর যুবলীগের পক্ষ থেকেও সমাবেশের আহ্বান জানানো হয়। জেলা যুবলীগের শান্তি সমাবেশে অংশ নিতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কয়েকটি ইউনিটের নেতারা মিছিল নিয়ে এসে শান্তি সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সহ-সভাপতি এড. আব্দুল মতিন, মনোজ কাপালি মিন্টু, শামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম প্রমুখ। সমাবেশে শামীম আহমদ ভিপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে কোনো মানুষ শান্তিতে ছিল না। মা-বোনেরা নিশ্চিন্তে বাইরে বেরুতে পারতো না। ছিনতাই- রাহাজানি বেড়ে গিয়েছিল। আম্বরখানা পয়েন্টে নগর যুবলীগের সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের সহ-সভাপতি ফয়েজ খান সলিটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুবেদুর রহমান মুন্নার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। এ সময় আলম খান মুক্তি বলেন- দেশের মধ্যে অস্থিরতা ও আগুন সন্ত্রাসের সৃষ্টি করলে যুবলীগ জনগণের জান-মাল রক্ষায় পাশে ছিল, আছে এবং আগামীতে থাকবে। দেশের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবার আহ্বান জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ