সিলেটে বৃষ্টি কমলেও বাড়ছে চট্টগ্রামে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বৃষ্টি কমলেও বাড়ছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৬:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৬:৫৬ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বাণিজ্যিক নগরী চট্টগ্রামে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২০ জুন ) সকালে বাংলাদেশ আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকালেও সিলেটে ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেখানে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলায় মাত্র ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত বাড়ায় চট্টগ্রামে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে এক সতর্কবার্তায় জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরের ওপর সক্রিয় মৌসুমি বায়ু মাঝারী অবস্থায় রয়েছে। আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ