সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি ২১ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা গেইটলক পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত ৭টা ৪০ মিনিটে ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের দুই যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা নিখোঁজ দুই যাত্রীর সন্ধানে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ