সিলেটে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা শুরু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কমল সাহিত্য পরিষদের আয়োজনে ১০ দিনব্যাপী শহিদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘শহিদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’ শিরোনামে গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পারিবারিকভাবে শহিদ জিয়াউর রহমানকে ‘কমল’ নামে ডাকা হতো। তার নামানুসারেই কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে। এ সংগঠন প্রতি বছর বইমেলার আয়োজন করে আসছে, যা শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।

মেলার আয়োজকরা জানান উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ