সুনামগঞ্জের হাওরে ধান কাটায় তিন মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জের হাওরে ধান কাটায় তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

 

সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসব শুরু হয়েছে। সেই উৎসবে শামিল হলেন তিন মন্ত্রী। আজ বুধবার বেলা ১২টায় সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘অনেক বছর কৃষকরা ধান ঘরে তুলতে পারে না। এবার সুনামগঞ্জে এসে ভালো লাগছে, ইনশাআল্লাহ মনে হয় ধান কাটা যাবে। প্রায় ৩০ ভাগ ধান কাটা হয়েছে। যে বছর ধান হয়, সারা বাংলাদেশে সুনামগঞ্জের ধান চলে যায়। সারা দেশের মানুষ খেতে পারে। আর যে বছর হাওরে ধান ক্ষতিগ্রস্ত হয় সারা দেশে এর প্রভাব পড়ে। এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজে খাদ্যমন্ত্রী ছিলাম। আমাকে বলেছিল, এবার হাওরে ধান হয় নাই আপনার খাদ্য সংকট হবে। আমি দেখলাম সাত থেকে আট মাস পর ঠিকই খাদ্য সংকট হলো। হু হু করে অগ্রহায়ণ মাসে চালের দাম বেড়ে যাচ্ছে।’

close
পরে শান্তিগঞ্জের দেখার হাওরপাড়ে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।

কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে এক হাজার কম্বাইন হারভেস্টার এই মুহূর্তে ধান কাটছে। গত বছর আমরা ৩০ তারিখের মধ্যে পুরো ধান কেটেছিলাম। এ বছর আমরা আশা করছি তার আগেই কেটে ফেলব। আমার দৃঢ় বিশ্বাস এ বছর আমাদের তেমন ক্ষতি হবে না। এ বছর ধানও ভালো হয়েছে। আমরা সব সময়ই বলি বাংলা মায়ের হাসি ধানের শীষে। আজকে হাওরে এসে কৃষকের মুখে, মানুষের মুখে আমি হাসি দেখলাম। এটিই আমার কাছে ভালো লাগার বিষয়। আমরা যেন ঘরে ধান তুলতে পারি সেজন্য আসুন আল্লাহর দরবারে সবাই দোয়া করি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ