সুষ্ঠু নির্বাচনে অগ্নি সন্ত্রাস হলে দোষ বিএনপি সন্ত্রাসীদের: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের বা জনগণের নয়। সেই দোষ বিএনপি সন্ত্রাসীদের। আগামী ২০২৪ সালে নির্বাচন কমিশন যেদিন সময় দিবেন সেই দিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পানিয়ারুপে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্ত সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। শর্তানুযায়ী তিনি দেশে চিকিৎসা নিবেন, বিদেশে যেতে পারবেন না। তিনি আরো বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুযায়ী। এখানে কারো হস্তেক্ষেপের সুযোগ নেই। তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশে আবারো জ্বালাও পোড়াও রাজনীতি শুরু হতে পারে। তাই সকলকে চোখ কান খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ.এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুল ভূইয়া কাওসার জীবন প্রমূখ।
জনতার আওয়াজ/আ আ