সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান না বুঝে মন্তব্য করেননি বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, তিনি (সেনাপ্রধান) কোনো কথা না বুঝে বলেননি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে এমন মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, নিজেরা কাঁদা–ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।
এই দেশ আমাদের সবার উল্লেখ করে ওই দিন তিনি বলেছেন, ‘আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।
সেনাপ্রধানের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।’
তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ