স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরতে বললেন নাসির উদ্দীন পাটোয়ারী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরতে বললেন নাসির উদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং সীমান্ত হত্যা বন্ধে তাদের কোনো উদ্যোগও নেই জানিয়ে তাদের চুড়ি পরিয়ে রাখা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ধজনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

গত ৮ মে রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকায় ব্যর্থ হচ্ছে, তেমনি সীমান্ত এলাকাতেও নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী, তাদের হাতে দেশ নিরাপদ নয়।’

নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস রিলিজের সমালোচনা করে তিনি বলেন, ‘বিজিবির প্রেস রিলিজেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি ও চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার আহ্বান জানাই। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ সদস্য নিহত হতো। পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা সরকার গঠন করি, তাহলে সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব, যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং যুবসমাজ নষ্ট না হয়। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি মাদকের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত হওয়া উচিত। না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?’

এ সময় নাসির উদ্দীন পাটোয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ