স্বাধীনতার বিরোধিতাকারীরাই ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা বলছে : যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার বিরোধিতাকারীরাই ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা বলছে : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
একাত্তরের মহান স্বাধীনতার বিরোধিতাকারীরা নিজেদের পাপ মোচনের জন্য এখন ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, এটা বলে তারা ২০২৪ সালকে ১৯৭১-এর সঙ্গে মিলাতে চাইছেন। কিন্তু তারা বুঝতে পারছেন না, এটা একটা ব্যর্থ অপচেষ্টা। এটা জনগণ গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নোরিঙ্গারটেক এলাকায় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে প্রায় দুই হাজার গরিব-দুস্থ মানুষের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

যুবদল সভাপতি বলেন, পৃথিবীর কোনো দেশে কি দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছু আছে? ১৯৭১ সালে যারা মহান মুক্তিযুদ্ধ করেছেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের যে ত্যাগ, সেই ত্যাগ এবং সাধারণ মানুষের যে কষ্ট, সেগুলো কি আপনি অস্বীকার করতে চান? দ্বিতীয় স্বাধীনতা কী? পৃথিবীর কোনো দেশে স্বাধীনতা কি দুটি পালিত হয়?

তিনি বলেন, ২০২৪ সালের প্রেক্ষাপট ছিল ব্যক্তি স্বৈরাচারকে হটানোর আন্দোলন। আর ১৯৭১ এর যুদ্ধ ছিল একটি নতুন দেশের স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ, মানচিত্রের যুদ্ধ ছিল এটা। আপনারা এই ২০২৪-কে কি ১৯৭১ এর সঙ্গে মেলাতে পারেন? আজকে ছাত্র উপদেষ্টারা, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন-ওই সময়তো তাদের জন্মই হয়নি।

ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ