হিরো আলমের ওপর হামলা, পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি হয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি (গুইন লুইস) হিরো আলমের ওপর হামলার কারণ জানতে চেয়েছিলেন। ‘আমরা বলেছি যে এখনো বলতে পারি না কেন এটা হয়েছে।’ একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার সমস্ত ব্যবস্থাগ্রহণ করেছে।
তিনি বলেন, ‘আমরা দেখেছি নির্বাচন শেষে হিরো আলমের সাথে কিছু লোকের বাকবিতণ্ডা হয় এবং দেখা যায় কিছু যুবক তার ওপর হামলা চালায়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছি যে আমরা ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করব। আমরা এটি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করব কারা এমন শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছিল। আমরা এটি খুঁজে বের করব।’
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ