১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ২:০০ পূর্বাহ্ণ

 

৩০ নভেম্বরের মধ্যে সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁইনবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৪টার দিকে একই স্থানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘট পালন করা হবে।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব প্রেস ব্রিফিংয়ে শনিবারের যৌথ সভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এ সময় আট জেলার পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ