১০ ডিসেম্বর ঘিরে সতর্ক অবস্থানে জবি ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুরান ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ছাত্রলীগ কর্মীরা জড়ো হতে থাকেন। জুমার নামাজের পর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাস ও পুরান ঢাকায় শোডাউন দেন নেতাকর্মীরা।
শনিবারও বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছে জবি ছাত্রলীগ। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে জবি ছাত্রলীগ রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ছাত্রদলসহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেজন্য জবি ছাত্রলীগ সতর্ক অবস্থানে থাকবে।
সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, গত ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি নেতা ইশরাকের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা অপচেষ্টা করলে তা রুখে দিয়েছিল জবি ছাত্রলীগ। জবি ছাত্রলীগ বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদলসহ সব অপশক্তি রুখতে এবং শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
জনতার আওয়াজ/আ আ