১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলের কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব চাইলো ইসি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৬, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলের কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব চাইলো ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

আগামী ১৩ জুনের মধ্যে বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “নির্বাচনি ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি তাদের ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”

এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে, আর ২৩টি দল এখনও জমা দেয়নি। এসব দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”

ইসি থেকে জানানো হয়েছিল, ২৫টি দল হিসাব জমা দিয়েছে। এখন ২৭টি দল হিসাব দিয়েছে— এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শেষ দিনে আরও দুইটি দল একেবারে শেষ সময়ে হিসাব জমা দেয়। ওই নথিগুলো শাখায় দেরিতে পৌঁছানোর কারণে প্রাথমিকভাবে ২৫টি দল হিসেবে প্রতিবেদন তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে ওই দুই দলের হিসাব পাওয়ায় এখন ২৭টি রাজনৈতিক দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে বলে গণ্য হচ্ছে।”

প্রসঙ্গত, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১৩ মে’র মধ্যে ২৭টি দল জমা দিয়েছে। বিএনপি, এনসিপিসহ ২৩টি দল এখনো জমা না দেওয়ায় দলগুলোকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি সেগুলো হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ