২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড, পে-প্যাল চালুর উদ্যোগ সরকারের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড, পে-প্যাল চালুর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকী ছবি
দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বড় উদ্যোগের কথা জানিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পাশাপাশি জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণদের দক্ষ করে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ-এর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর অধীন বিভিন্ন সংস্থা আইটি খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আগামী পাঁচ বছরে এক হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে নতুন ফ্রিল্যান্সার তৈরি করবে। একই সময়ে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে সাত হাজার পাঁচশ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে দুই হাজার চারশ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সরকারি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ১০টি নতুন সেবা যুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় এক হাজার শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে স্বল্পমেয়াদি এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই পরিমাণ নারী উদ্যোক্তাকেও প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রশিক্ষণ কর্মসূচি ইতোমধ্যে বিভিন্ন ব্যাচে শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, পেপ্যাল চালুর কার্যক্রম এবং হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলো আরও কার্যকরভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ