২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এতে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থাপ্রধানদের আহ্বান জানিয়ে ‎এ্যানি বলেন, পানি শুধু জীবনের উৎস নয়, এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। সঠিক তথ্য-উপাত্তের আলোকে জনস্বার্থ বিবেচনায় খাল খননের জন্য বাছাই করা হবে।

তিনি আরও বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে দেয়, অন্যদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল।

আলোচনা সভায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী আজাদ। তিনি বলেন, পানি মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে জড়িত। উত্তরাঞ্চলকে মরুভূমি এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (ভার্চুয়ালি), বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ