২০২৩ সালের প্রথম দিনেই সারাদেশে নতুন বইয়ের উৎসব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০২৩ সালের প্রথম দিনেই সারাদেশে নতুন বইয়ের উৎসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

২০২৩ সালের প্রথম দিনেই দিনাজপুর, বরিশাল, নোয়াখালী ও নাটোরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়েছে। রবিবার (১ জানুয়ারি) ব্রেকিংনিউজের প্রতিনিধিদের পাঠানো খবরে এ বই বিতরণের খবর জানা যায়।

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে প্রায় ৮ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ পরিবেশে এই বই উৎসের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই বই উৎসব উদযাপিত হয়।

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, জেলার ১৩ টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা) ১ হাজার ১ শ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১৯ হাজার ৯ শ ৪০ শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে সাড়ে ৫৪ লাখ ৬৭ হাজার ৮ শ ৩৪টি বই তুলে দেয়া হয়েছে।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোর জেসমিন জানান, জেলার ১৩টি উপজেলায় (প্রাথমিক বিদ্যালয়) ১৪ হাজার ৪ শ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১০ হাজার ৩ শ ৩০ শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে সাড়ে ৮ লাখ ৬ হাজার ৪০টি বই তুলে দেয়া হয়েছে।

শামীম আহমেদ, বরিশাল: ঢোল-বাদ্য বাজিয়ে বই উৎসব করেছে বরিশালের প্রাইমারী ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। এদের সাথে আনন্দে মেতেছিলেন শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের কর্মকর্তারা। আর এ কারণে বরিশাল জেলার প্রতিটি স্কুল ছিল উৎসবমুখর।

সকাল ৯টা থেকে বরিশাল নগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ইতিমধ্যে আমরা ৮৭ পার্সেন্ট- ৩৭ লক্ষ বই দিয়েছি। এখন ১৫ পার্সেন্ট বই সংকট রয়েছে তাও বৈরী আবহাওয়ার কারণে সঠিক সময়ে গাড়ি এসে পৌঁছায়নি।’

এরপর তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরা হাতে বই তুলে দেন অতিথিরা। বই হাতে নিয়ে উল্লাস করেছে সেখানকার শিক্ষার্থীরা। একই পরিবেশ ছিল বরিশাল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১ লাখ ৯১ হাজার ৪৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যারমধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ২৪ হাজার ৮৬৫ জন, পিরোজপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ২৩০ জন, ঝালকাঠি জেলায় ৭৪ হাজার ১০১ জন, বরগুনা জেলায় ১ লাখ ২৯ হাজার ৫৫ জন, পটুয়াখালী জেলায় ২ লাখ ২৫ হাজার ১০৭ জন ও ভোলা জেলায় ২ লাখ ৯৫ হাজার ৬৮৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

এসব ছাত্র-ছাত্রীদের জন্য বরিশাল বিভাগে মোট বইয়ের সম্ভাব্য চাহিদা দেয়া হয়েছে ৪৯ লাখ ৫৫ হাজার ৯৩১টি। এছাড়া ৮ হাজার ৮২৩ টি ইংরেজী ভার্সনের বইয়ের চাহিদা রয়েছে। সবমিলিয়ে বরিশাল ও ভোলা জেলায় সবথেকে বেশি বইয়ের চাহিদা রয়েছে আর সবথেকে কম রয়েছে ঝালকাঠি জেলায়।

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীতে আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার দুই হাজার ৩টি প্রাথমিক ও ৩১৩টি মাধ্যমিক এবং ২৭৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। চাহিদা পরিমাণ বই এখনই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কয়েক দিনের মধ্যে সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে পারবেন বলে আশা করছেন জেলা শিক্ষা কর্মকর্তারা। তবে মোট ঘাটতি রয়েছে প্রায় ৩৬ লাখ নতুন বইয়ের।

দুপুরে চাটখিলের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, জেলার ২০০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বইয়ের চাহিদা ছিলো ১৭লাখ ১২হাজার ৫৫৭ পিস, যার বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা ৩লাখ নতুন বই হাতে পেয়েছি, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব বই এখনো হাতে এসে পৌঁছায়নি। প্রাথমিকভাবে প্রাপ্ত বইগুলো ‘বই উৎসব’ এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে আমাদের চাহিদা মোতাবেক সকল বই হাতে আসবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে জেলার ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭৫টি মাদ্রাসায় আমাদের নতুন বইয়ের চাহিদা ছিলো ৫৪লাখ ১৭হাজার ৭৪৭পিস। যার বিপরীতে আমরা নতুন বই সরবরাহ পেয়েছি ৩২লাখ ৬৭হাজার ২৮৫পিস। বই উৎসবের মাধ্যমে প্রাপ্ত বইগুলো উপজেলা থেকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বাকী বইগুলো এলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

আবু জাফর সিদ্দিকী, নাটোর: নাটোরের সিংড়ায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২৩ শিক্ষাবর্ষের
বই উৎসব উদ্বোধন হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌরসভার কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করা হয়েছে।

বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, স্থানীয় কাউন্সিলর আঃ লতিফ, কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শারদুল ইসলাম প্রমুখ।

এ বছর উপজেলায় ৩৯ হাজার ৭৩৮ জন প্রাথমিক ও প্রায় ২৫ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ