২৬ শর্তেই গোলাপবাগ মাঠে সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৬ শর্তেই গোলাপবাগ মাঠে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

 

২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে গণসমাবেশ করার প্রস্তাব দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করে দলটি নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে বদ্ধপরিকর ছিল। সময় ঘনিয়ে আসার সাথে সাথে ভেন্যু নির্ধারণ নিয়ে চলে দর কষাকষি। অবশেষে বিএনপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি চাওয়া হলে আজ শুক্রবার অনুমতি দেয় ডিএমপি।

তবে পুলিশ জানিয়েছে যে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে হলে সোহরাওয়ার্দী উদ্যানের ২৬ শর্ত মেনেই সমাবেশ করতে হবে। যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ওই মাঠে সমাবেশের অনুমতি দিলেও নতুন শর্ত দেয়নি।

এদিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়ার আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে পরিদর্শনে যান। পরে র‌্যাবের কর্মকর্তারাও মাঠটি নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, তারা (বিএনপি) চেয়েছেনই গোলাপবাগ মাঠ, আমাদের কমিশনার স্যারও তাদের গোলাপবাগ মাঠেই সমাবেশের অনুমতি দিয়ে দিয়েছেন।

শর্তের বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘আগের ২৬টি শর্তই থাকবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সেখানে রয়েছেন। পোশাকে ও সাদাপোশাকে অনেক পুলিশ সেখানে কাজ করবেন। সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেভাবে আমরা নিরাপত্তাবলয় তৈরি করেছিলাম, সেই নিরাপত্তাটি এখন আমরা গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম এ বিষয়ে অলরেডি কাজ করছে, আশপাশের এলাকা তদারকি করছি, যাতে এই সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অরাজকতা তৈরি না হয়। এ লক্ষ্যে পোশাকে ও সাদাপোশাকে পুলিশ কাজ করছে।’

বিএনপিকে কোন বিবেচনায় গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) যখন তাদের সঙ্গে কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের কথা হয়, তখন তারা দুটি ভেন্যুকে চয়েস করেছিলেন। একটি কমলাপুর স্টেডিয়াম, আরেকটি মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ। কিন্তু আবার আজকের আবেদনে তারা মিরপুর বাঙলা কলেজ ও কমলাপুর স্টেডিয়ামের কোনোটাই চাইলেন না, চাইলেন গোলাপবাগ মাঠ। এ বিষয়ে তারা কাগজ জমা দেওয়ার পর কমিশনার স্যারের সঙ্গে কথা বলে তাদেরকে গোলাপবাগ মাঠেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মতো বিএনপি নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপি নাশকতার কোনো চেষ্টা করতে পারে কিনা, এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘শুনেছি, তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। আজকেও তারা এসে সমাবেশের জন্য কাগজ জমা দিয়ে গেছেন। এতে তারা গোলাপবাগ মাঠেই সমাবেশ করতে চেয়েছেন।’

‘আমি মনে করি- বিএনপি একটি সুন্দর সমাবেশ করবে। কোথাও কোনো বিশৃঙ্খলা করবে না। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য আশপাশের এলাকাগুলোতে কাজ করবে।’

হামলার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমাদের যে সিকিউরিটি প্ল্যান, তাতে আমরা মনে করি না কোনো হামলার আশঙ্কা রয়েছে। এরপরও পর্যাপ্ত সংখ্যক পুলিশকে আমরা প্রস্তুত রেখেছি। যাতে দুর্বৃত্তরা এ ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ