২৭ বছর আগে ফিরে যাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৭ বছর আগে ফিরে যাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনেত্রীদের। ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমও চরিত্রের প্রয়োজনে নানা রূপ ধারণ করেছেন। এবার এই অভিনেত্রী চরিত্রের প্রয়োজনে ফিরে যাচ্ছেন ২৭ বছর আগের এক দিনে। ১৯৯৫ সালে ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে নিজেকে হাজির করবেন এই অভিনেত্রী। ছবির নাম ‘আমি ইয়াসমিন বলছি’।

গত বুধবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। মিম বলেন, ‘এখন সব ধরনের চিত্রনাট্যে কাজ করছি না। একটু চিন্তাভাবনা করে ছবির কাজ হাতে নিচ্ছি। এই ছবি নিয়ে পরিচালকের সঙ্গে ছয় মাস ধরে কথা হচ্ছিল। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি যখন পড়ি, কেঁদে ফেলেছিলাম আমি।’

ছবির গল্প প্রসঙ্গে মিম জানান, গল্প জানতে হলে ফিরে যেতে হবে ২৭ বছর আগে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট। দীর্ঘদিন পর মাকে দেখার জন্য আকুল হয়ে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল ইয়াসমিন। দিনাজপুরের কোচে না উঠতে পেরে পঞ্চগড়গামী কোচে ওঠেন তিনি। কোচের লোকজন তাকে দিনাজপুরের দশমাইলে নামিয়ে দিয়ে সেখানকার এক চায়ের দোকানে বসতে বলেন।

নিরাপত্তার কথা চিন্তা করে ইয়াসমিনকে দিনাজপুর শহরে মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব ভোরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পথে কয়েকজন পুলিশ সদস্য কিশোরী ইয়াসমিনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে। এরপর তারা ইয়াসমিনের মরদেহ দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে চলে যান। পর দিন ঘটনা জানাজানি হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা দিনাজপুর শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

তৎকালীন পুলিশ প্রশাসন এ ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো ইয়াসমিনকে ‘যৌনকর্মী’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন দিনাজপুরের প্রতিবাদী জনতা। বিক্ষোভে ফেটে পড়েন দিনাজপুরের সর্বস্তরের মানুষ। সে সময় শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ফলে সামু, কাদের ও সিরাজসহ নাম না জানা সাতজন নিহত হন। আহত হয় ৩০০’র বেশি মানুষ।

সত্য ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। এর আগে চরকির জন্য ‘চিঠি’ নামের একটি ওয়েব ফিল্ম বানিয়েছেন তিনি। জানালেন, দুই বছর ধরে ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমাটির গল্প নিয়ে কাজ করছেন তিনি।

সুমন ধর বলেন, ‘ইয়াসমিনের পরিবারের কাছ থেকে গল্পটির অনুমতি নিতে প্রায় দুই বছর লেগেছে। প্রথমে তারা রাজি ছিলেন না। সিনেমার মাধ্যমে ইয়াসমিন বেঁচে থাকবে, বিষয়টি বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছি।’

গত বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার শীর্ষে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর থেকেই বেছে বেছে কাজ হাতে নিচ্ছেন। বর্তমানে কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত মিম। এতে তার বিপরীতে অভিনয় করছেন টালিউড সুপারস্টার জিৎ। ইয়াসমিন চরিত্রে অভিনয় করতে ওজন কমাতে হবে নায়িকাকে। কলকাতা থেকে ফিরে ওজন কমিয়ে এপ্রিল নাগাদ শুটিং শুরু করবেন ছবিটির। এমনটাই জানালেন ছবির পরিচালক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ