৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই খুব শীঘ্র আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি। যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্য ধরে রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির এই কাণ্ডারি৷

সোমবার (২৭ অক্টোবর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগের প্রায় ৪ শতাধিক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেল চারটার পর থেকে তিন ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। প্রথমে রাজশাহী ও বরিশাল বিভাগ, এরপর সন্ধ্যায় সিলেট ও খুলনা এবং সর্বশেষ ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন। তবে বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের কেউ বক্তব্য দেননি। প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সঞ্চালনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৈঠকে কেন্দ্র থেকে মনোনয়নপ্রত্যাশীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে । নির্দেশনাগুলো হচ্ছে, আসনকেন্দ্রিক একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও দল মনোনীত প্রার্থীর পক্ষেই ভোটের মাঠে প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে বঞ্চিতদের সঙ্গেও সুসম্পর্ক গড়তে হবে। বিভেদ ভুলে ধানের শীষ নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত সিলেট ও খুলনা বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দ্রুত ৩০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকেই প্রার্থী ঘোষণা করা হবে, তার পক্ষেই অপর মনোনয়নপ্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বৈঠকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ৬৬ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। যিনি মনোনয়ন পাবেন, তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, এমন বার্তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। যিনি মনোনয়ন পাবেন এবং যারা মনোনয়ন পাবেন না, দলের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বলেছেন।

এদিকে বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৫টি আসনের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। এর মধ্যে খুলনা জেলার ৬টি আসন থেকে ১৬ জন নেতা আমন্ত্রণ পান। বৈঠকে উপস্থিত খুলনার একাধিক মনোনয়ন প্রত্যাশী বলেন, আগামী নির্বাচনকে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন তারেক রহমান। তিনি মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ব্যক্তিগত প্রচারণা নয়, বরং দলের প্রচারণায় মনোযোগী হতে নির্দেশ দেন। শিগগিরই প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

খুলনা মহানগর বিএনপির মহানগর সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘এটা দলীয় বৈঠক ছিল। সবাইকে দলের হয়ে কাজ করতে বলেছেন তিনি (তারেক রহমান)।’

খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা একসঙ্গে লড়তে হবে, এমন বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, ব্যক্তির প্রচার না করে দলের প্রচারে মনোযোগ দিতে হবে।

ঢাকা ৭ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশার বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন এবং শিগগিরই প্রার্থী ঘোষণার কথাও বলেছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ