৫২ দিনে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা পার, সংসদে রুমিন ফারহানার তোপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫২ দিনে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা পার, সংসদে রুমিন ফারহানার তোপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমান সরকারের ব্যাংক ঋণ গ্রহণের ‘লাগামহীন’ প্রবণতা এবং রাজস্ব আহরণের দুর্বল পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ–এর সভাপতিত্বে সম্পূরক প্রশ্ন উত্থাপনের সময় রুমিন ফারহানা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন।

তিনি সংসদে জানান, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। তবে এপ্রিলের শুরুতেই সেই সীমা ছাড়িয়ে ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকায়, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১০৮ শতাংশেরও বেশি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক–এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে। ফলে ঘাটতি পূরণে সরকার এখন ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

এই পরিস্থিতিতে করের আওতা বাড়ানো বা রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নও তিনি অর্থমন্ত্রীর কাছে উত্থাপন করেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ব্যাংক ঋণের যে বড় অঙ্ক দেখা যাচ্ছে, তা মূলত পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দায়ের ধারাবাহিকতা বা ‘ক্যারিওভার’। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র দুই মাস আগে, তাই এই ঋণকে এককভাবে বর্তমান সরকারের অর্জন বা দায় হিসেবে দেখা উচিত নয়।

অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, সরকারের প্রধান অর্থনৈতিক কৌশল হলো ধীরে ধীরে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে আনা, যার প্রতিফলন আগামী বাজেট থেকেই দেখা যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং শিল্পকারখানাগুলোও সমস্যায় জর্জরিত। একই সঙ্গে ট্যাক্স-জিডিপি অনুপাত আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন। তবে বিগত সরকারের সময় এই অনুপাত কমে গেলেও বর্তমান সরকার দক্ষতার সঙ্গে অর্থনীতিকে পুনরায় শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ