৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকী ছবি
দেশের ছয় জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে এসব ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে ধান কাটার সময় হঠাৎ ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে গুরুতর আহত আবুল কালামকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে নাজমুল হোসেন বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।

ধর্মপাশা উপজেলায় পৃথক ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নিহত হন। হাবিবুর রহমান ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে আহত লিটন মিয়াকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার সখিপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতরা হলেন— মৎসজীবী মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে বৃষ্টির সময় ছোট শালমারা বিলে মাছ ধরার সময় বজ্রপাত হয়। এতে শিশুসহ অন্তত ১১ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মিলন মিয়া ও তালেব উদ্দিন মারা যান।

ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— গৌরীপুরের রহমত আলী উজ্জল (৩০) এবং গফরগাঁওয়ের মমতাজ আলী খান (৫৮)।

রহমত আলী ধানক্ষেত দেখতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে মমতাজ আলী জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে মারা যান।

নেত্রকোণা
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাত শেষে তার মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়।

হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মমিনা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

তিনি বর্গা জমিতে ছেলের সঙ্গে কাজ করছিলেন। বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে হলুদ মিয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে পরে তার মৃত্যু হয়।

হাওর অঞ্চলে ধান কাটার মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ