৬ দফা দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ দফা দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

 

ছবি: প্রতিননিধি
জনতার আওয়াজ ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ না করা হলে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি প্রদানেরও হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।

মঙ্গলবার (১৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি ও কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা। ২০২৫-২৬ অর্থবছরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন ও ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য জাতীয় বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তাদের দাবিগুলো হলো—

১। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ।

২। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন।

৩। স্বীকৃতি প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা।

৪। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ (২০০৮) প্রত্যাহার।

৫। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।

৬। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

আলোচনা সভায় ৬ দফা দাবি জানিয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, উপরোক্ত দাবি সমূহের মধ্যে যে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার এখনও উদ্যোগ গ্রহণ করেনি, তা যদি আগামী ১৫ আগস্টের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এস. এম. জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, সাবেক শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, মো. আলাউদ্দিন খন্দকার, মাও. মো. জহুরুল আলম, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম, সদস্য সচিব মাও. আল-আমিন, সদস্য মো. খোরশেদ আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ