৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য, আ.লীগ নেতাকে শোকজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য, আ.লীগ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করে শাস্তির মুখে পড়ছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভূইয়া।

গত ২৯ এপ্রিল মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের কর্মী সভায় তিনি ৭ জানুয়ারি নির্বাচন ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপকর্ম ছাড়া ভোট কেন্দ্র খোলা রাখব।’

এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জাহাঙ্গীর। এরই জেরে বুধবার (১৫ মে) কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা নোটিশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায়, আপনার বিরুদ্ধে কেনো শান্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনের) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ