৭ই জানুয়ারি আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘণ্টা বাজবে: রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামী ৭ই জানুয়ারি আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, বর্তমান সরকারের একতরফা নির্বাচন একমাত্র ভারত ও রাশিয়ার কারসাজিতে সম্পন্ন করার অপচেষ্টা চলছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে খুন করেছে। ভারত বিগত ৫২ বছর বাংলাদেশে রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণের সঙ্গে প্রকাশ্যে-অপ্রকাশ্যে জড়িত। তারা অব্যাহতভাবে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র বিপক্ষে কাজ করছে। আর ভারত কখনো চায় না বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদের উদ্যোগে ‘৭ই জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বর্জনে’ সর্বদলীয় এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে ভারত ও রাশিয়ার আধিপত্য আমরা মেনে নেব না। ৭ তারিখের পাতানো নির্বাচন যেকোন মূল্যে প্রতিহত করা হবে। এই নির্বাচন দেশে আনুষ্ঠানিকভাবে একটি একদলীয় শাসনের দিকে নিয়ে যাবে, একদলীয় বাকশাল কায়েম আমরা জীবন থাকা অবস্থায় মেনে নেয়ার প্রশ্নেই আসে না।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ৭ তারিখের পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে। আমরা এই দেশকে আওয়ামী ও ভারতীয় হানাদারদের হাত থেকে রক্ষা করতে দ্বিতীয় মুক্তিযোদ্ধ আছি, ইনশাআল্লাহ। এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পতনের মাধ্যমে বাংলাদেশে আকাশে আবার গণতন্ত্র সূর্য শিগগিরই উদিত হবে।
৭ই জানুয়ারি এদেশে কোন নির্বাচন জনগণ হতে দেবে না। আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজেই ডেকে এনেছে। আর ডামি আওয়ামী লীগ প্রার্থী, স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থী, বিদ্রোহী আওয়ামী লীগ, নৌকার আওয়ামী লীগ সবমিলিয়ে আজ একাকার। এই নির্বাচন জনগণ প্রতিহত করবে।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির আহ্বায়ক সোলাইমান চৌধুরী, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, গণফোরাম সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ