৯০ প্রার্থীর সঙ্গে বৈঠক দু-এক দিনের মধ্যে মনোনীতদের চিঠি দেবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯০ প্রার্থীর সঙ্গে বৈঠক দু-এক দিনের মধ্যে মনোনীতদের চিঠি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেবে বিএনপি। এই কার্যক্রম দু-এক দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রতিটি আসনে একজন প্রার্থীকে এবার চিঠি দেওয়া হবে। দলীয় চিঠিতে স্বাক্ষর করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীরা নির্বাচন কমিশনে এই চিঠি জমা দিয়ে ধানের শীষ প্রতীক পাবেন।

জানা গেছে, ঘোষিত কয়েকটি আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের চিন্তাভাবনা করছে বিএনপি। এরই অংশ হিসেবে গতকাল শনিবার গুলশানে এমপি প্রার্থীদের মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন আসলাম চৌধুরী। ঠিক একইভাবে যেসব আসনে প্রার্থী পরিবর্তন করা হবে, সেসব আসনের ঘোষিত প্রার্থীরা দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি পাবেন না। সেখানে দলের স্বচ্ছ ইমেজধারী নেতাকে প্রার্থী করা হবে।

তৃতীয় দিনের মতো গতকাল গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ফরিদপুর–এই চার বিভাগের ৯০ জন প্রার্থীর সঙ্গে দিনব্যাপী রুদ্ধদ্বার মতবিনিময় সভা করে বিএনপি। সভার শেষ দিকে সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা সূত্রে জানা গেছে, সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া, খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্য খাত, শিক্ষা ও দক্ষ জনশক্তি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ–এই আট বিষয়ের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপি এই আট দফা কীভাবে বাস্তবায়ন করবে, তা নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মতবিনিময় সভা হলেও মূলত এটি দিনব্যাপী কর্মশালায় পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে প্রচার চালাবে তার নানা দিক তুলে ধরে পরামর্শ দেওয়া হয়। নির্বাচনি এলাকার কেন্দ্র ও আসনভিত্তিক ভোটার লিস্ট প্রার্থীরা কীভাবে ভোটারদের কাছে পাঠাবেন বা প্রচার চালাবেন, সেসব বিষয় তুলে ধরা হয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ভোটারদের কাছে ভালোভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। মনোনয়ন ফরম পূরণ, নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্রের টাকা জমা নিয়েছে বিএনপি।

ভার্চুয়ালি মতবিনিময় সভায় তারেক রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করা বা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। বিভিন্ন মহল থেকে হওয়া এই ষড়যন্ত্র একমাত্র রুখতে পারে বিএনপি। আপনারা নির্বাচনি এলাকায় গিয়ে ঘরে ঘরে প্রচার-প্রচারণা চালান। মানুষের পাশে দাঁড়ান। ৮ দফা ও ৩১ দফা জনগণের মাঝে বিশদ আকারে তুলে ধরুন। এবার ধানের শীষ বিজয় নিশ্চিত করতে হবে, না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’

লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম খবরের কাগজকে বলেন, ‘এটা মতবিনিময় সভা নয়, এটা অনেকটা ট্রেনিংয়ের মতো। নির্বাচনি প্রচারের আট দফার ওপর বিশেষজ্ঞরা কথা বলেছেন। সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করব, কীভাবে ভোট চাইব, কীভাবে প্রচারণা চালাব তার ওপর একটা পরামর্শ দেওয়া হয়েছে। মনোনয়ন ফরম পূরণের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’

সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, নির্বাচনি আইন মেনে চলে সরকারকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকায় মানুষের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনে জয়লাভ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রথম দিনে গত বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ১০৭ জন প্রার্থী এবং বৃহস্পতিবার বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১০৩ জন প্রার্থীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ